২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়াই আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের শেষ দিন ২৮ নভেম্বর। এ প্রক্রিয়ায় নির্ধারিত ফি জমা দেওয়া যাবে ২৯ নভেম্বর পর্যন্ত।
অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।



