tanaka
প্রচ্ছদসারাদেশসীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে গ্রেপ্তার হবেন ফেরারি আসামিরা: বিজিবি

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে গ্রেপ্তার হবেন ফেরারি আসামিরা: বিজিবি

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত দিয়ে বেআইনিভাবে যাতায়াত ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

সোমবার সকালে ময়মনসিংহ নগরীর বিজিবি মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান এবং রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সীমান্তে নজরদারি আধুনিকায়নের বিষয়ে সেক্টর কমান্ডার জানান, প্রতিটি বর্ডার আউটপোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ৩০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন ও থার্মাল ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নজরদারি চলছে। পাশাপাশি নতুন করে ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে।

দুর্গম এবং নদীতীরবর্তী সীমান্ত এলাকায় টহল কার্যক্রম পরিচালনায় অল-টেরেইন ভেহিকল (এটিভি)সহ বিশেষ যানবাহন ব্যবহার করা হচ্ছে। প্রতিটি বিওপি থেকে দিনে ও রাতে নিয়মিত চারটি করে টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল দলও দায়িত্ব পালন করছে।

সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে জানান কর্নেল নাসির উদ্দিন। তিনি বলেন, ডিজিএফআই, পুলিশ ও এনএসআইসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। ফলে যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত বিজিবিকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অভিযান ও আটকসংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে সেক্টর কমান্ডার জানান, ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিহত করেছে বিজিবি। এ ছাড়া চারজন মানবপাচারকারীকে আটক এবং পাচারের ঝুঁকি থেকে ১৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। মানবপাচারের সঙ্গে জড়িত আরও ৫৮ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৭০ জন মাদককারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল সুরক্ষায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান সেক্টর কমান্ডার।

সংবাদ সম্মেলনে বিজিবি ময়মনসিংহ সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান আশিকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।