tanaka
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিভিডিও দেখতে দেখতেই কেনাকাটা, টিকটকে এআই শপিং সহ নতুন ফিচার

ভিডিও দেখতে দেখতেই কেনাকাটা, টিকটকে এআই শপিং সহ নতুন ফিচার

ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন দুটি ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ এবং অ্যাপের ভেতরেই সরাসরি পণ্য কেনার সুযোগ।

সোমবার (৫ অক্টোবর) নতুন ফিচারগুলোর ঘোষণা দেয় টিকটক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ একটি কথোপকথনভিত্তিক এআই সহকারী। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়া থেকে শুরু করে কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত বিভিন্নভাবে সহায়তা করবে এটি।

কোনো পণ্য সম্পর্কে জানতে চাইলে এআই সহকারীটি তার বৈশিষ্ট্য, মজুতের অবস্থা, আকার বা মাপ এবং সরবরাহসংক্রান্ত তথ্য জানাতে পারবে। প্রয়োজন হলে কেনাকাটার পুরো প্রক্রিয়াতেও সহায়তা করবে। ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ বিবেচনায় নিয়ে পণ্য সম্পর্কে পরামর্শ দেওয়ার সক্ষমতাও থাকবে এই এআই সহকারীর।

‘ফর ইউ’ ফিড থেকেই কেনাকাটা

নতুন এক-ক্লিক কেনাকাটার সুবিধার মাধ্যমে ‘ফর ইউ’ ফিডে ভিডিও দেখার সময়ই কোনো ব্র্যান্ডের পণ্য সরাসরি কেনা যাবে। এর জন্য ব্যবহারকারীকে আর আলাদা ওয়েবসাইটে যেতে হবে না।

অর্থাৎ ভিডিওতে কোনো পণ্য পছন্দ হলে একই প্ল্যাটফর্মে থেকেই সেটির বিস্তারিত তথ্য জানা এবং তাৎক্ষণিকভাবে কেনাকাটা করা যাবে। এতে ভিডিও দেখা ও কেনাকাটার মধ্যকার দূরত্ব আরও কমে আসবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

নতুন এই সেবা চালু করতে বিভিন্ন ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে টিকটক। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সেলসফোর্স, শপিফাই ও স্ট্রাইপ।

টিকটক শপের পরিধি বাড়ছে

এতদিন টিকটকের ই-কমার্স কার্যক্রম মূলত ‘টিকটক শপ’-কেন্দ্রিক ছিল। নতুন উদ্যোগের মাধ্যমে অ্যাপের অন্যান্য অংশেও সরাসরি কেনাকাটার সুযোগ সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে টিকটকের বাণিজ্যিক প্রভাবও দ্রুত বাড়ছে। সম্প্রতি প্রকাশিত এক অর্থনৈতিক প্রভাব প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলোর জন্য প্রায় ৮ হাজার ১০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করেছে।

একই প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫ কোটি ৪০ লাখ মার্কিন ব্যবহারকারী জানিয়েছেন, তারা টিকটকের ভিডিও দেখে কোনো না কোনো পণ্য কিনেছেন।

যুক্তরাষ্ট্রে টিকটক শপ চালু হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে টিকটক শপের মাধ্যমে প্রায় ১ হাজার ৫৮০ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের মোট সোশ্যাল কমার্স বিক্রির প্রায় ১৮ শতাংশ।

নতুন এআই সহকারী ও অ্যাপের ভেতরে সরাসরি কেনাকাটার সুবিধার মাধ্যমে টিকটক এখন ভিডিও বিনোদনের পাশাপাশি অনলাইন বাণিজ্যের পরিসরও আরও বিস্তৃত করতে চাইছে।