সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকলেও ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।
এদিকে রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বিকল্প হিসেবে ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন।
যাত্রীদের টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।



