বিশ্ববাজারে স্বর্ণের দামে দীর্ঘদিনের ঊর্ধ্বগতিতে ছেদ পড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে ভারতের বাজারেও। টানা দরপতনে দেশটিতে কমছে মূল্যবান এই ধাতুর দাম। যুক্তরাষ্ট্রের সুদের হার, বন্ড মার্কেটের পরিবর্তন এবং ডলারের শক্তিশালী অবস্থানকে স্বর্ণের দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
স্পেনের বার্সেলোনাভিত্তিক আর্থিক সংবাদমাধ্যম এফএক্সস্ট্রিটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় বাজারেও স্বর্ণের দাম কমেছে। গত এক বছরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ব্যাপক উত্থান-পতন দেখা গেছে। ২০২৫ সালে ৫৩ বার নতুন রেকর্ড গড়ার পর চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলারে পৌঁছায়। তবে এরপরই শুরু হয় বড় ধরনের দরপতন।
প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী সময়ে স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো প্রতি আউন্স ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসে। সর্বোচ্চ দামের তুলনায় এ পতন প্রায় এক-তৃতীয়াংশ।
স্বর্ণের দাম কমার পেছনে যুক্তরাষ্ট্রের সুদের হার
স্বর্ণের সাম্প্রতিক দরপতনের অন্যতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বন্ড মার্কেট ও কেন্দ্রীয় ব্যাংকের সুদনীতিকে দেখছেন বিশ্লেষকরা।
চলতি সপ্তাহের বৈঠকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) তাদের মূল সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে। তবে ভবিষ্যতে সুদের হার বাড়তে পারে—এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে।
মর্নিংস্টারের মার্কিন অর্থনীতিবিদ প্রেস্টন ক্যাল্ডওয়েলের মতে, ফেড সুদের হার না বাড়ালেও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম এখনো শেষ হয়নি। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বর থেকে শুরু করে পরবর্তী বছর পর্যন্ত ফেড আরও তিন দফায় মোট শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদের হার বাড়াতে পারে।
টি. রো প্রাইসের কমোডিটি বিভাগের প্রধান রিক ডি লস রেয়েস মনে করেন, উচ্চ সুদের হার স্বর্ণের দাম কমার অন্যতম প্রধান কারণ। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, প্রকৃত সুদের হার বাড়লে ডলারের আকর্ষণ বৃদ্ধি পায়। এতে স্বর্ণের তুলনায় ডলারে বিনিয়োগ বেশি লাভজনক হয়ে উঠতে পারে।
সুদ না পাওয়ায় স্বর্ণ থেকে মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা
স্বর্ণ দীর্ঘদিন ধরে নিরাপদ বিনিয়োগ ও সম্পদের মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে বিবেচিত। তবে স্বর্ণে বিনিয়োগ করলে ব্যাংক আমানত বা বন্ডের মতো নিয়মিত সুদ পাওয়া যায় না।
অন্যদিকে সুদের হার বাড়লে বন্ড ও অন্যান্য সুদভিত্তিক সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে। ফলে অনেক বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে এসব সম্পদের দিকে ঝুঁকতে পারেন। এতে বাজারে স্বর্ণের চাহিদা কমে এবং দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়।
ভারতের বাজারে কত কমল স্বর্ণের দাম?
এফএক্সস্ট্রিটের সংকলিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতে প্রতি গ্রাম স্বর্ণের দাম কমে ১০ হাজার ৮৩৬ দশমিক ৬৭ রুপিতে দাঁড়িয়েছে। আগের দিন সোমবার এই দাম ছিল ১০ হাজার ৮৫৯ দশমিক ২২ রুপি।
একইভাবে প্রতি তোলা স্বর্ণের দাম ১২৬ হাজার ৬৫৯ দশমিক ৯০ রুপি থেকে কমে ১২৬ হাজার ৩৯৫ দশমিক ৮০ রুপিতে নেমেছে।
দাম কমায় ভারতীয় গয়নার দোকানে ভিড়
ভারতে এখন বিয়ের মৌসুম চলায় স্বর্ণের দাম কমার সুযোগ নিতে গয়নার দোকানগুলোতে সাধারণ ক্রেতাদের ভিড় বাড়ছে। তবে একই সময়ে নাগরিকদের স্বর্ণ কেনার বিষয়ে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়ে একান্ত প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছেন তিনি।
স্বর্ণের বাজারে সামনে কী হতে পারে?
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামে বড় ধরনের পতনের পর আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে যেতে কয়েক বছরও লেগে যেতে পারে। বিশেষ করে সুদের হার, ডলারের মূল্য, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ভূরাজনৈতিক অস্থিরতা স্বর্ণের ভবিষ্যৎ দামের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তাই স্বল্পমেয়াদি মুনাফার প্রত্যাশায় বিনিয়োগের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাজারের ঝুঁকি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।



