tanaka
প্রচ্ছদসারাদেশসিএমএম আদালত থেকে দ্বিতীয়বার পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয়বার পালাল আসামি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের একটি এজলাস থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) আদালতের ৭ নম্বর এজলাস থেকে পুলিশের সদস্যদের অবহেলার সুযোগ নিয়ে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।

এ নিয়ে দ্বিতীয়বার আদালত থেকে পালালেন শরিফুল ইসলাম শফিক। এর আগে ২০২৫ সালেও তিনি আদালত থেকে পালিয়ে গিয়েছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে সেবারও এজলাস থেকে পালিয়ে যান তিনি। এবার একই আসামি আবারও আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

তিনি জানান, এর আগে আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় করা মামলার আসামি শরিফুল ইসলাম শফিক এবার দ্বিতীয় দফায় আদালত থেকে পালিয়েছেন।

ঘটনার পর তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।