বাংলাদেশ রেলওয়ে ভারত থেকে ২০০টি নতুন কোচ আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তিনি জানান, “বর্তমানে বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের অভাবের মুখোমুখি। এই ঘাটতি পূরণের জন্য সরকার ভারত থেকে ২০০টি নতুন কোচ সংগ্রহের পরিকল্পনা করেছে। এর মধ্যে চলতি বছরের মধ্যেই ২০টি কোচ রেলের বহরে যুক্ত হবে, বাকি কোচগুলো ধাপে ধাপে দেশে এসে পৌঁছাবে।”
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।
সচিব আরও বলেন, “রেল খাতকে লাভজনক সেক্টরে রূপান্তর করতে বর্তমান সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রেলকে কেবল যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, মালামাল পরিবহনের কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান, বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং চিফ কমান্ড্যান্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।



