নড়াইল-যশোর মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত পৌনে ১১টার দিকে।
নিহতরা হলেন—লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের আক্তার হোসেন, এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, মহাসড়কে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাঁশ বাসের ভেতরে ঢুকে পড়ে।
ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন। গুরুতর আহত অবস্থায় আবু জাফর ও এসআই নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে আবু জাফরের মৃত্যু হয়। পরে এসআই নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



