tanaka
প্রচ্ছদজাতীয়দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

দিল্লির শাসন কিংবা ভয় দেখিয়ে বাংলাদেশের কোনো ক্ষতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আগামী ডিসেম্বরেও ষড়যন্ত্রের পরিকল্পনা’

অনুষ্ঠানে বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে মিজানুর রহমান মিনু অভিযোগ করেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করেছেন এবং দেশের ভেতর থেকেই ক্ষতি করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে।

ভূমিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর।’ যাদের ‘হেডকোয়ার্টার দিল্লিতে’, তাদের সেখানেই চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় মওদুদীকে ব্রিটিশদের তৈরি এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে মিজানুর রহমান মিনু বলেন, মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল। বাংলার মাটিতে তার কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আগামী নির্বাচন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দলের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলেম-ওলামাদের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি

আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মিজানুর রহমান মিনু বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বে রয়েছেন, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ এবং ধর্মীয় অনুদান ব্যবস্থাপনার দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং মন্ত্রী-এমপিরা যেকোনো সংকট ও চরম বিপদের সময় জনগণের পাশে থাকবেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ভূমিমন্ত্রী।

‘দলের ভেতরে কাদা ছোড়াছুড়ি নয়’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, গত ১৭ বছর ধরে যারা নির্যাতন চালিয়েছে এবং দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে, তাদের অপকর্মের কথা ভুলে গেলে চলবে না।

তবে দলের ভেতরে কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি কিংবা বিতর্কিত কর্মকাণ্ডে না জড়াতে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।

ওলামা দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ওলামা দল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আবেদ হাসান মুন্না, সদস্যসচিব হাফেজ ফরহাদুল ইসলাম পরাগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।