ঝিনাইদহের মহেশপুরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তহিরা খাতুন নামে এক গৃহবধূকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নিজ বাড়ি থেকে স্ত্রীকে অপহরণ করা হয়েছে দাবি করে থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী মাদ্রাসাশিক্ষক রবগুল হোসাইন।
শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কোটচাদপুর উপজেলার ইকরা গ্রামের আজিজুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৩-১৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন রবগুল হোসাইন।
‘ডিবি পরিচয়ে’ বাড়িতে প্রবেশ
লিখিত অভিযোগে রবগুল হোসাইন জানান, চলতি বছরের জুন মাসে পার্শ্ববর্তী কোটচাদপুর উপজেলার জালালপুর গ্রামের তহিরা খাতুনকে তিনি বিয়ে করেন। বিয়ের পর থেকেই আজিজুর রহমান মোবাইল ফোনে তহিরা খাতুনকে নিজের স্ত্রী হিসেবে দাবি করে আসছিলেন বলে অভিযোগ তার।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার রাতে একটি মাইক্রোবাসে করে অস্ত্রধারী কয়েকজন তাদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেন। বিষয়টি বিশ্বাস করে রবগুলের পরিবারের সদস্যরা ঘর থেকে বের হলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে তহিরা খাতুন অভিযুক্ত আজিজুর রহমানকে চিনতে পেরে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে অভিযুক্তরা লাথি মেরে দরজা খুলে তাকে জোরপূর্বক বাইরে বের করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেছেন রবগুল।
উদ্ধারে অভিযান চলছে
ঘটনার পর গৃহবধূকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
মহেশপুর থানার আজাদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা ঘটনাটি কীভাবে ঘটেছে এবং গৃহবধূকে কারা নিয়ে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



