tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমাচ্ছারের কপালে চুমু দিয়ে সাহসের প্রশংসা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের

মাচ্ছারের কপালে চুমু দিয়ে সাহসের প্রশংসা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের

ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে দেখা করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। আহত এই পাইলটের সাহস, দায়িত্ববোধ ও মানুষের জীবন রক্ষায় অঙ্গীকারের প্রশংসা করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) মাচ্ছারের সঙ্গে দেখা করতে যান শেখ হামদান। এ সময় তার সঙ্গে আন্তরিকতা প্রকাশ করেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের ছবিতে দেখা যায়, শেখ হামদান মাচ্ছারের কপালে চুমু দিচ্ছেন।

‘সাহস ও দায়িত্ববোধের সর্বোচ্চ দৃষ্টান্ত’

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে শেখ হামদান লিখেছেন, মাচ্ছার সাহস, দায়িত্ববোধ এবং মানবজীবনের প্রতি যত্নের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছেন।

তিনি বলেন, দেশের নেতৃত্বের পক্ষ থেকে মাচ্ছারের প্রতি রয়েছে পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা।

শেখ হামদান আরও বলেন, ‘আমরা গর্বিত যে তিনি আমাদের দলের অংশ, আমাদের দেশের গল্পের অংশ এবং সংযুক্ত আরব আমিরাত যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তারও অংশ—সহমর্মিতা, শান্তি ও জীবনের প্রতি শ্রদ্ধার দেশ।’

ককপিটে সংঘর্ষ, জরুরি অবতরণ

এর আগে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ঘটে যাওয়া নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় পাইলট, ক্রু ও যাত্রীদের ভূমিকার প্রশংসা করে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি।

গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ওই ফ্লাইটে ককপিটে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাইলট স্মিত মাচ্ছার আহত হন। পরে তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হলে যাত্রী ও ক্রুরা ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

পরিস্থিতি সামাল দেওয়ার পর বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে।

ঘটনায় আহত মাচ্ছার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তিনি ভালো আছেন।

ঘটনাটির কারণ ও বিস্তারিত পরিস্থিতি নিয়ে তদন্ত এখনো চলছে।