tanaka
প্রচ্ছদরাজধানীফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর ফুটপাত ও পথচারীদের চলাচলের স্থান দখলমুক্ত করার অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেছেন, ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা উসকানি বিবেচনায় নেওয়া হবে না। নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাত ও পথচারীদের চলাচলের রাস্তা দখলমুক্ত করতে সিটি করপোরেশন কাউকে জিজ্ঞেস করবে না। নগরবাসীর স্বাভাবিক চলাচলের পথ নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান চলবে।

তিনি বলেন, উচ্ছেদ করা ফুটপাত যাতে আবার দখল হয়ে না যায়, সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে। এ জন্য ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি এলাকায় এ টিম নিয়মিত তদারকি করবে এবং পুনরায় দখলের চেষ্টা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে নগরবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ঢাকা উত্তর সিটিকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই ডিএনসিসির অন্যতম প্রধান লক্ষ্য।

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি

এদিকে নগরীর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে ডিএনসিসির বিশেষ পঞ্চম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, চলতি অক্টোবর মাসের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে করপোরেশন।

সরকারপ্রধানের ৯০ দিনের বিশেষ দিকনির্দেশনা ঘোষণার পর থেকেই ডিএনসিসি মশক নিধন কার্যক্রম আরও জোরদার করেছে বলে জানান সংশ্লিষ্টরা। এর অংশ হিসেবে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডিএনসিসি প্রশাসক জানান, সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে উত্তর সিটির আওতাধীন হাসপাতালগুলোতে প্রায় ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এই সংখ্যা দ্রুত শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সিটি করপোরেশন।

তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয় উল্লেখ করে তিনি নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান। বাসাবাড়ি, ছাদ, বারান্দা কিংবা আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।