tanaka
প্রচ্ছদজাতীয়কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২১ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি লরিতে করে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্ধারিত এলাকায় প্রবেশ করে।

এ সময় প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাছানসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা গাড়িবহরটি গ্রহণ করেন। প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরাও গাড়িবহরকে স্বাগত জানান।

এর আগে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি। পুরো যাত্রাপথে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো মহাসড়কে চলাচলের সময় বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করা হয়। নিরাপত্তার অংশ হিসেবে বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কের নির্দিষ্ট অংশে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

প্রকল্প-সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আসার কথা রয়েছে।

রাশিয়া থেকে এসব ইউরেনিয়াম চালান কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।