tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকগিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা, এআই ক্যামেরার কাণ্ডে চমক

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা, এআই ক্যামেরার কাণ্ডে চমক

স্মার্ট প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক ক্যামেরার ভুল শনাক্তকরণ নিয়ে ভারতে ঘটেছে বেশ অদ্ভুত এক ঘটনা। বাইক চালকের পিঠে ঝোলানো গিটারকে দ্বিতীয় আরোহী ভেবে বসেছে এআই ক্যামেরা। আর সেই ‘যাত্রীর’ মাথায় হেলমেট না থাকায় স্কুটি মালিকের নামে জারি করা হয়েছে ৫০০ রুপির ই-চালান।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হেব্বাল এলাকায়। গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দা সৌভিক দত্ত পিঠে গিটার ঝুলিয়ে একটি ই-স্কুটিতে করে যাচ্ছিলেন। এ সময় সড়কে স্থাপিত এআই ক্যামেরা তার গিটারটিকে পেছনের আরোহী হিসেবে শনাক্ত করে।

ক্যামেরার স্বয়ংক্রিয় শনাক্তকরণ অনুযায়ী, পেছনের আরোহীর মাথায় হেলমেট ছিল না। এর ভিত্তিতে স্কুটির বিরুদ্ধে ৫০০ রুপির জরিমানার ই-চালান তৈরি হয়। পরদিন সৌভিকের স্ত্রীর মোবাইলে ওই চালানের বার্তা পৌঁছালে বিষয়টি নিয়ে তিনি ও তার স্ত্রী বিস্মিত হন।

ঘটনায় হতবাক সৌভিক পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বেঙ্গালুরু ট্রাফিক পুলিশকে ট্যাগ করে বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, তিনি একাই স্কুটিতে যাচ্ছিলেন এবং পিঠে ছিল শুধু একটি গিটার। অথচ এআই ক্যামেরা সেটিকেই পেছনের যাত্রী হিসেবে শনাক্ত করে হেলমেট না পরার অভিযোগে তার স্ত্রীর নামে চালান করেছে।

পোস্টের সঙ্গে তিনি চালানের ছবিও যুক্ত করেন এবং ভুল চালানটি বাতিলের অনুরোধ জানান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এআইনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থার নির্ভুলতা নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে আইন প্রয়োগের ক্ষেত্রে এমন ভুল শনাক্তকরণ কীভাবে এড়ানো যায়, তা নিয়েও প্রশ্ন ওঠে।

বিষয়টি বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের নজরেও আসে। পরে তারা সৌভিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত যাচাই এবং ভুলভাবে জারি হওয়া চালানটি পর্যালোচনার উদ্যোগ নেয়।