tanaka
প্রচ্ছদজাতীয়৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদকে বদলি করে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবিরকে নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। একই বিভাগের আরেক উপসচিব মোস্তফা আনোয়ারুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।