হরমুজ প্রণালিতে ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আট মার্কিন মেরিন আহত হয়েছেন। প্রায় দুই সপ্তাহ আগে ঘটে যাওয়া ওই হামলায় আহতদের কেউই গুরুতর অবস্থায় ছিলেন না। রোববার (২৭ সেপ্টেম্বর) তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, মাথাব্যথা এবং মাথায় আঘাতের মতো উপসর্গ দেখা দেয় মেরিনদের মধ্যে। আহত আটজনের মধ্যে সাতজন তালিকাভুক্ত সামরিক সদস্য এবং একজন কর্মকর্তা ছিলেন।
মার্কিন কর্মকর্তারা জানান, গত ১৪ সেপ্টেম্বর হামলার পর অল্প সময়ের মধ্যেই আট মেরিন আবার দায়িত্বে ফিরে যান। ওই সময় তারা একটি ব্যাটালিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে একটি জাহাজে দায়িত্ব পালন করছিলেন।
তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজটি মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ ছিল না। কর্মকর্তারা জাহাজটির সুনির্দিষ্ট ধরন প্রকাশ করেননি। শুধু এটিকে একটি সামুদ্রিক জাহাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে মার্কিন সেনাদের হতাহতসংক্রান্ত তথ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আহত ও নিহত সেনাদের সংখ্যা নথিভুক্ত করার প্রক্রিয়ায় পরিবর্তন এবং তথ্য হালনাগাদে বিলম্বের ঘটনাও দেখা যাচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)-এর তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত চলমান সংঘাতে মোট ৮৬১ জন মার্কিন সেনা আহত হওয়ার তথ্য নথিভুক্ত ছিল।
এর মধ্যে ১৪ সেপ্টেম্বরের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আট মেরিনের নাম হামলার প্রায় ১০ দিন পর ওই তালিকায় যুক্ত করা হয়। এক মার্কিন কর্মকর্তা জানান, আহতদের কিছু উপসর্গ পরে প্রকাশ পাওয়ায় এবং ডিসিএএসে তাৎক্ষণিকভাবে তথ্য হালনাগাদের সুযোগ না থাকায় তাদের নাম তালিকাভুক্ত করতে দেরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি



