tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকদুই দফা মার্কিন হামলা থেকে যেভাবে প্রাণে বাঁচেন মোজতাবা খামেনি

দুই দফা মার্কিন হামলা থেকে যেভাবে প্রাণে বাঁচেন মোজতাবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দুই দফা প্রাণে বেঁচে গেছেন বলে দাবি করেছেন দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহসেন হায়দারি আলেকাসির। তার ভাষ্য অনুযায়ী, প্রথম দফায় তেহরানে বাবার কম্পাউন্ডে হামলার পর মোজতাবাকে একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ওই হাসপাতালেও হামলা হলে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন আলেকাসির।

তার বর্ণনা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির হামলায় তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির কম্পাউন্ড ধ্বংস হয়ে যায়। ওই হামলায় ৮৬ বছর বয়সী আলি খামেনি তার কয়েকজন সহযোগী ও পরিবারের সদস্যসহ নিহত হন।

এরপর তেহরানের তিনটি পৃথক হাসপাতালে হামলা চালানো হয় বলেও দাবি করেন আলেকাসির। তিনি জানান, মোজতাবা খামেনি ওই তিন হাসপাতালের তৃতীয়টিতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে হামলার পর হাসপাতালটি ধ্বংসস্তূপে পরিণত হলে সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়।

আলেকাসির আরও দাবি করেন, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতাবা খামেনির নাম বিবেচনা করা হচ্ছে—এমন কোনো ধারণাই তখন তার ছিল না। রাষ্ট্রীয় টেলিভিশনে ৮ মার্চ তার নাম ঘোষণা করার আগ পর্যন্ত বিষয়টি তিনি জানতেন না বলেও দাবি করেন এই ধর্মীয় নেতা।

তবে সর্বোচ্চ নেতা হিসেবে তাকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর ‘আইনগত ও ধর্মীয়ভাবে’ মোজতাবার দায়িত্ব গ্রহণ বাধ্যতামূলক হয়ে পড়ে বলে জানান আলেকাসির।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্টসও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুমে অবস্থিত ওই পরিষদের সচিবালয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়।

মোজতাবা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত বক্তব্য দিয়েছেন আলেকাসির। তার দাবি, মোজতাবা নেতৃত্ব দেওয়ার মতো শারীরিকভাবে সক্ষম—এমন তথ্য পাওয়ার পর তিনিই প্রথম তার নাম প্রস্তাব করেন।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে মোট ৫৯টি ভোটের মধ্যে মোজতাবা খামেনি ৫০ ভোট পান। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান ৮ ভোট। একজন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

আলেকাসির বলেন, ‘শত্রুর অবস্থানের পরিপ্রেক্ষিতে, আয়াতুল্লাহ মোজতাবা খামেনি ছাড়া ইসলামি প্রজাতন্ত্রের নেতা ও সর্বোচ্চ পথপ্রদর্শক হিসেবে আমরা আর কাউকে বেছে নেব বা নির্বাচিত করব না।’

বাবার ওপর প্রাণঘাতী হামলায় মোজতাবা নিজেও আহত হয়ে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেন, মোজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন।

সূত্র: এনডিটিভি ও আল আরাবি