কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা খাইরুল আমিন রুহুল সরকার (৫০) কারাবন্দি অবস্থায় মারা গেছেন। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাইরুল আমিনের মৃত্যু হয়।
খাইরুল আমিন রুহুল সরকার কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত উসমান গণির ছেলে।
কারাগার সূত্র জানায়, শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন খাইরুল। বিষয়টি জানার পর কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসবিরোধী আইনে খাইরুল আমিন রুহুল সরকারকে গ্রেপ্তার করে কটিয়াদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
খাইরুলের বড় ভাই এবং চর ঝাকালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমীন অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তারা সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। তার অবস্থার অবনতি হলে ঢাকায় উন্নত চিকিৎসার প্রয়োজনের কথা জানানো হলেও প্রায় চার ঘণ্টা পর তাকে ঢাকা নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
নুরুল আমীনের আরও অভিযোগ, ঢাকায় নেওয়ার পরও তার ভাইকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। কারাবন্দি অবস্থায় তিন দিন ধরে খাইরুল বুকে ব্যথার কথা জানিয়ে আসছিলেন, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলেও দাবি করেন তিনি। সময়মতো যথাযথ চিকিৎসা পেলে পরিস্থিতি এতটা সংকটাপন্ন নাও হতে পারত বলে মন্তব্য করেন নুরুল আমীন।
তবে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ জানান, কারাগারে থাকা অবস্থায় খাইরুলের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



