কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ে হলিউডে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। চলচ্চিত্র নির্মাণে নতুন প্রযুক্তির সম্ভাবনা যেমন আলোচনায় এসেছে, তেমনি এর অতিরিক্ত ব্যবহারের প্রভাব নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এবার এআই নিয়ে নিজের অবস্থান জানালেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা টম ক্রুজ।
টম ক্রুজের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে এবং এ প্রযুক্তি চলচ্চিত্রশিল্পে আসবেই। তবে প্রযুক্তির অগ্রগতির মধ্যেও দর্শকের চাহিদা ‘সত্যিকারের’ অভিজ্ঞতার দিকেই থাকবে বলে মনে করেন তিনি।
সম্প্রতি লন্ডনে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ‘লাইফ ইন পিকচার্স’ অনুষ্ঠানে অংশ নেন টম ক্রুজ। সেখানে এআই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আসছে এবং এটা ঘটবেই।’
তবে প্রযুক্তির ব্যবহার বাড়লেও সৃষ্টিশীলতার জায়গায় বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব কমবে না বলেই মনে করেন এ অভিনেতা। তার ভাষায়, ‘মানুষ সত্যিকারের জিনিস দেখতে চায়।’ তাই প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সৃষ্টিশীল কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভিজ্ঞতা নিয়েও নিজের মতামত জানিয়েছেন টম ক্রুজ। ওটিটিতে সিনেমা বা সিরিজ দেখানোর বিষয়ে তার আপত্তি নেই। তবে বড়পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতাকে তিনি সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন।
টম ক্রুজের ভাষায়, প্রেক্ষাগৃহে সিনেমা দেখা ‘একটি আলাদা শিল্পমাধ্যম’। তার মতে, বড়পর্দায় দর্শকদের সম্মিলিতভাবে সিনেমা দেখার অভিজ্ঞতার সঙ্গে ঘরে বসে কোনো কনটেন্ট দেখার অভিজ্ঞতার মৌলিক পার্থক্য রয়েছে।
চার দশকেরও বেশি সময় ধরে হলিউডে কাজ করছেন টম ক্রুজ। ‘টপ গান: ম্যাভেরিক’ থেকে ‘মিশন: ইমপসিবল’—বিভিন্ন অ্যাকশন সিনেমায় বাস্তব দৃশ্য, শারীরিক কসরত ও স্টান্টের জন্যও তার আলাদা পরিচিতি রয়েছে। তাই প্রযুক্তিনির্ভর পরিবর্তনের মধ্যেও দর্শক ‘সত্যিকারের’ কিছু দেখতে চান—তার এই মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিকে টম ক্রুজের পরবর্তী সিনেমা ‘ডিগার’ নিয়েও বেশ আশাবাদী অভিনেতা। ছবিটিতে প্রথমবারের মতো পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইন্যারিতুর সঙ্গে কাজ করেছেন তিনি। ‘দ্য রেভেন্যান্ট’-এর পর ইন্যারিতুর এটি প্রথম ইংরেজি ভাষার সিনেমা।
‘ডিগার’-এ টম ক্রুজ অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামে এক তেল ব্যবসায়ীর চরিত্রে। গল্পে তার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড থেকেই একটি বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের সূত্রপাত হয়, যার পরিণতি শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধের আশঙ্কা পর্যন্ত গড়াতে পারে।
নতুন এই সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত টম ক্রুজ। একই সঙ্গে এআইয়ের দ্রুত বিকাশের মধ্যেও বাস্তবতা, সৃষ্টিশীলতা ও বড়পর্দার অভিজ্ঞতার গুরুত্বের ওপর তার জোর দেওয়ার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।



