রাজধানীর কদমতলীর হাজী লালমিয়া সর্দার রোড, মুরাদপুর এলাকায় রাস্তার ওপর থেকে বস্তাবন্দি অবস্থায় রোকসানা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে হাজী মিচির আলীর বাড়ির দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত রোকসানা পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা। প্রথমে মরদেহের পরিচয় অজ্ঞাত থাকলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয়।
এসআই কামরুন্নাহার জানান, মরদেহের মুখে হালকা পচন ধরেছে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, সকালে ৯৯৯–এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



