tanaka
প্রচ্ছদসারাদেশখাতা মূল্যায়নে ভুল: যশোর বোর্ডের ১,৬৮৪ পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

খাতা মূল্যায়নে ভুল: যশোর বোর্ডের ১,৬৮৪ পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল ও গাফিলতির অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের ১ হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে।

বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষকদের মূল্যায়নে ভুলের কারণে পুনর্নিরীক্ষণের পর ২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ফেল থেকে নতুন করে পাস করেছে ৩৮০ জন, গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৩০৪ জনের এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন শিক্ষার্থী।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পরীক্ষকদের ভুলের ধরন ও মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ভুলের মাত্রা অনুযায়ী কোনো পরীক্ষককে প্রশ্নপত্র প্রণয়নের কাজ থেকে বিরত রাখা কিংবা পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব না দেওয়ার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, পরীক্ষকদের এ ধরনের গাফিলতি বা ভুল কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বোর্ডের শৃঙ্খলা কমিটির বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বোর্ড সূত্র জানায়, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এরপর সাত দিন পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়। এ সময়ে ২৮ হাজার ৮৬২ জন শিক্ষার্থী মোট ৭৪ হাজার ৭১৭টি পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে।

পুনর্নিরীক্ষণের ফল পর্যালোচনা করে ২ হাজার ৪৩৬ জনের ফলাফলে পরিবর্তন পাওয়া যায়। বিপুলসংখ্যক ফল পরিবর্তনের বিষয়টি বিশ্লেষণ করে খাতা মূল্যায়নে ভুল বা গাফিলতির জন্য দায়ী পরীক্ষকদের শনাক্ত করা হয়। এ প্রক্রিয়ায় ১ হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে তালিকাভুক্ত করা হয়েছে।

#এসএসসি #যশোর_শিক্ষাবোর্ড #ফলাফল #পুনর্নিরীক্ষণ #জিপিএ৫ #শিক্ষা_সংবাদ #বাংলাদেশসংবাদ