tanaka
প্রচ্ছদরাজনীতিআওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির’ অভিযোগ তুলে রাজধানীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মগবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে ওয়্যারলেস মোড়, মৌচাক, মালিবাগ ও শান্তিনগর মোড় হয়ে মগবাজারের সেঞ্চুরি মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।

সমাবেশে সালেহ মো. আদনান অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। ককটেল নিক্ষেপ ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে অবস্থান নেবে।

কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, মো. রুহুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার, মেহেদী হাসান সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও থানা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশ নেন।

#ছাত্রদল #মিছিল #মগবাজার #ঢাকা #রাজনীতি #বাংলাদেশসংবাদ