tanaka
প্রচ্ছদরাজধানীডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, আটক ১

ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, আটক ১

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাসুদুর রহমান (৩৪) নামের ওই ব্যক্তিকে আটক করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত দুই দিন ধরে মাসুদুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রশাসনিক কর্মকর্তার কাছে একটি ফাইলে স্বাক্ষর করানোর জন্য চাপ দিয়ে আসছিলেন। এ সময় তিনি নিজেকে ডিজিএফআইয়ের পিএস হিসেবে পরিচয় দেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই কর্মকর্তার পিএসকে ভয় দেখিয়ে মাসুদুর রহমান বলেন, ‘তোমার নামে অনেক রিপোর্ট আছে, তোমাকে দেখে নেব।’ তার এমন আচরণে সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সন্দেহ হয়।

পরে আনসার সদস্যরা তার পরিচয় ও স্বাস্থ্য অধিদপ্তরে আসার কারণ সম্পর্কে জানতে চান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে এবং পরিচয় নিয়ে প্রতারণার বিষয়টি সামনে আসে। এরপর তাকে আটক করে বনানী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর আনসার সদস্যরা আটক ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করেন।

বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনসার বাহিনীর পিসি মোঃ সাহাবউদ্দীনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এপিসি জালাল উদ্দীন, আনসার মনিরুল ইসলাম ও আনসার শ্রী পূর্ণ রায়।