বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, মিথ্যা অপপ্রচার তারা আর খুব একটা বিশ্বাস করে না’
ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালিয়ে জনগণের বাস্তব সমস্যা সমাধানে মনোযোগী হতে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশের মানুষের অধিকার রক্ষা করতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে এবং বাস্তব সমস্যার সমাধানে কাজ করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। মিথ্যা অপপ্রচার তারা আর খুব একটা বিশ্বাস করে না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’
বিরোধী দলের সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে। অথচ এ সময় একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সত্যিকার অর্থে জনগণের অধিকার রক্ষা করতে চাইলে মানুষের পাশে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত না থেকে জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, অধিকার রক্ষা এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পল্লবী-রূপনগরের উন্নয়নে কাজ করার অঙ্গীকার
ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগর এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। প্রায় ৪৫ বছর ধরে তিনি এ এলাকায় বসবাস করছেন। সাবেক ফুটবলার ও রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের মানুষের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে কাজ করে যাবেন বলেও জানান তিনি।
এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্কুল-কলেজের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ এবং ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যার সমাধানেও তিনি সর্বাত্মক চেষ্টা করছেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতারা উপস্থিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান।
এ সময় মহানগর নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাউনিয়াবাঁধ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আশরাফ আলী গাজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



