জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাঁদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সোয়া ৩টার দিকে পুলিশি পাহারায় তাঁদের হাসপাতাল থেকে আবার নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের আবার নিয়ে যাওয়া হয়েছে।
আনিসুল হকের বয়স ৭০ বছর, জুনাইদ আহমেদ পলকের ৪৬ বছর এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বয়স ৬২ বছর।



