নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বিক্ষোভকারী জেন-জি নেতাদের শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। তবে অস্থিরতা কমার পরিবর্তে, দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে নেপাল সেনাবাহিনী। সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় নেপালি সেনারা বিভিন্ন স্থানে অবস্থান নেন। প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকার এবং ধ্বংস রোধে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের কার্যকলাপ চললে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণ মোতায়েন হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। মোতায়েন কার্যক্রম শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা হবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া ভিডিও বার্তায় জেনারেল সিগদেল বলেন, “বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করা এবং জাতির স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি।”



