মানবতাবিরোধী অপরাধে দায়েরকৃত শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দেওয়ার কথা ছিল সাংবাদিক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের। তবে ব্যক্তিগত কারণে তাঁরা ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় সময় চেয়ে আবেদন করা হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম
তিনি বলেন, “আজ ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে এবং পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। আশা করছি নির্ধারিত দিনেই তাঁরা সাক্ষ্য দেবেন।”
এর আগে, গত ২ সেপ্টেম্বর মামলার ৩৬ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাঁর জেরা শেষ হয় ৪ সেপ্টেম্বর। তিনি সাক্ষ্যে জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই গত বছরের জুলাই-আগস্ট মাসে দেশে গণহত্যা চালানো হয়। তিনি ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অনেক অজানা তথ্য প্রকাশ করেন।
সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সারা দেশে চালানো হয়েছিল হত্যাযজ্ঞ ও নিপীড়ন। এসবের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের দায়ী করে শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ মামলায় ১ সেপ্টেম্বর দশম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়, যেখানে চিকিৎসক, সাংবাদিকসহ মোট ছয়জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন।
গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগপত্রে মোট পৃষ্ঠা সংখ্যা ৮,৭৪৭। এর মধ্যে ২,০১৮ পৃষ্ঠা তথ্যসূত্র, ৪,০০৫ পৃষ্ঠা জব্দ তালিকা ও অন্যান্য দালিলিক প্রমাণাদি এবং শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে। মামলায় ৮১ জন সাক্ষী রয়েছেন।
গত ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।



