tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনভিসির সঙ্গে ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময়

ভিসির সঙ্গে ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময়

দিনভর ভোটগ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন অভিযোগ নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা তাদের অভিযোগ ভিসির কাছে উপস্থাপন করেন। এ সময় ভিসির সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময়ও ঘটে।

ভিসির কাছে তারা নির্বাচনে কারচুপি, প্রশাসনের জামায়াত-শিবিরপন্থী কাজসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। একপর্যায়ে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ কয়েকজন নেতা-কর্মীকে উত্তেজিত ভঙ্গিতে দেখা যায়। পরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাদের শান্ত করতে সক্ষম হন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাবির বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ. ফ. ম. ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ আরও বিএনপিপন্থী শিক্ষকরা।