-
বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের ৪৪ দিন পর মাঠে ফিরেই গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই গোলের মাধ্যমে নতুন এক রেকর্ডও গড়েছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। পেশাদার ক্যারিয়ারে টানা ২৫ মৌসুমে গোল করা প্রথম ফুটবলার এখন রোনালদো।
সৌদি প্রো লিগে গত রাতে আল রিয়াদের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে রোনালদোর দল আল নাসর। দলের বড় জয়ে বদলি হিসেবে নেমে একটি গোল করেন তিনি।
রোনালদোর আগে টানা সবচেয়ে বেশি ২৪টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড ছিল সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুম লিগে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। গত বছর সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোনালদো। এবার ২৫তম মৌসুমে গোল করে রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
বদলি হয়ে নেমেই গোল
নতুন মৌসুমে আল নাসরের প্রথম দুই ম্যাচে খেলেননি রোনালদো। বাড়তি ছুটি নিয়ে পর্তুগালে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরবে ফেরেন তিনি।
ফেরার ম্যাচে অবশ্য শুরু থেকে মাঠে নামেননি রোনালদো। কোচ আঞ্জে পোস্তেকোগলু তাঁকে ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামান। ততক্ষণে আল নাসর ৩-০ গোলে এগিয়ে ছিল।
আবদুলেলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি আল নাসরের হাতে।
মাঠে নামার ২১ মিনিট পরই গোলের দেখা পান রোনালদো। ৮৩ মিনিটে আইমান ইয়াহইয়ার নিচু ক্রস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি।
হাজার গোলের আরও কাছে
এই গোলের মাধ্যমে রোনালদোর পেশাদার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৭। অর্থাৎ ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র ২৩ গোল।
৪১ বছর বয়সেও রোনালদোর গোলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। মাঠে ফেরার ম্যাচেই নতুন রেকর্ড এবং গোল—দুটিই যেন জানিয়ে দিল, ক্যারিয়ারের শেষ অধ্যায়েও থামার কোনো ইঙ্গিত নেই পর্তুগিজ মহাতারকার।



