বেনিনের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচে এক গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে স্মরণীয় এক রাত উপহার দিয়েছেন তিনি। এমন আবেগঘন বিদায়ের পর স্বামীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন আন্তোনেলা রোকুজ্জো।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রোকুজ্জো তুলে ধরেছেন আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ পথচলা এবং মানুষের ভালোবাসা পাওয়ার পেছনের কারণ। তার ভাষায়, মেসির ব্যক্তিত্ব, বিনয়, দায়িত্ববোধ, দেশের প্রতি অঙ্গীকার এবং দলের জার্সির জন্য আত্মত্যাগই তাকে বিশ্বজুড়ে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার জায়গায় পৌঁছে দিয়েছে।
মেসির ঐতিহাসিক ক্যারিয়ারের এই অধ্যায়ের অংশ হতে পারাকে নিজের জন্য বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন রোকুজ্জো। একই সঙ্গে জীবনের এত বড় একটি অধ্যায় যেভাবে মেসি শেষ করেছেন, তা নিয়েও নিজের আবেগ প্রকাশ করেন তিনি।
রোকুজ্জো লেখেন, ‘কিছু রাত পুরো জীবনের গল্প হয়ে থাকে। গত রাতটাও ঠিক তেমনই ছিল। তোমাকে ঘিরে মানুষের যে ভালোবাসা আর কৃতজ্ঞতা দেখেছি, তা সত্যিই অসাধারণ। এই ভালোবাসা তুমি নিজেই অর্জন করেছ। তোমার ব্যক্তিত্ব, বিনয়, দেশের প্রতি দায়বদ্ধতা এবং এই জার্সির জন্য উজাড় করে দেওয়া হৃদয় দিয়েই তুমি এটি গড়ে তুলেছ।’
স্বামীর পাশে থেকে এত দীর্ঘ পথ চলার সুযোগ পাওয়াকে নিজের জীবনের বড় প্রাপ্তি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তোমার পাশে থেকে এই পথচলার অংশ হতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্যের। জীবনের এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তুমি যেভাবে শেষ করলে, তা দেখে আমি সত্যিই রোমাঞ্চিত। আমাদের এত কিছু শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমরা তোমাকে অনেক ভালোবাসি, লিও মেসি। সবসময় তোমার পাশেই থাকব।’
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে পুরো আয়োজনেই ছিল আবেগ ও বর্ণিলতার ছাপ। বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়া থেকে শুরু করে ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরে বিশেষ ড্রোন শো—সবকিছু মিলিয়ে আর্জেন্টাইন কিংবদন্তিকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা।
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ডিয়েগো ম্যারাডোনার পাশে মেসির নামও যে চিরকাল উচ্চারিত হবে, বিদায়ের এই আয়োজন যেন সেটিই আরও একবার মনে করিয়ে দিল।



