এনজিও কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ ইসলামী শরিয়তে জায়েজ কি না, তা নির্ধারণে সহায়তার উৎস ও এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করতে হবে। এ বিষয়ে মত দিয়েছেন রাজধানীর মুহাম্মদপুর দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।
মুসলিম বাংলা ওয়েবসাইটকে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে অর্থসহায়তা নেওয়ার বিষয়টি নির্ভর করে সেই প্রতিষ্ঠানের সহযোগিতাদাতাদের আকিদা এবং ওই অর্থ গ্রহণের ফলে ইসলাম ও মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কি না—তার ওপর।
মুফতি আব্দুল কাইয়ুমের ভাষ্য, কোনো এনজিও বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি সহিহ আকিদার মুসলমান হন, তাহলে তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা গ্রহণে শরিয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই।
তবে সহযোগিতাদাতারা যদি ভ্রান্ত আকিদার অনুসারী হন কিংবা মুসলমান না হয়ে কাফের হন, সেক্ষেত্রে বিষয়টি আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে ওই সাহায্য গ্রহণের কারণে বর্তমানে কিংবা ভবিষ্যতে ইসলাম ও মুসলমানদের স্বার্থের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না, তা দেখতে হবে।
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ফলে ইসলাম ও মুসলমানদের ক্ষতির প্রবল আশঙ্কা থাকলে কিংবা সেই সহযোগিতা মুসলমানদের স্বার্থের পরিপন্থি হলে তা গ্রহণ করা জায়েজ হবে না।
অন্যদিকে, এমন সাহায্য গ্রহণে যদি দ্বীনি ক্ষতির প্রবল আশঙ্কা না থাকে এবং এর মাধ্যমে মুসলমানদের কল্যাণ বা স্বার্থ রক্ষা হয়, তাহলে সেই আর্থিক সহযোগিতা গ্রহণ করা জায়েজ হবে বলে জানান তিনি।



