ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ তার অবস্থানে অনড় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা কোনো সরকারই জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না। তার দাবি, এ কারণেই আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছে।
হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে পানিবণ্টন ইস্যুতে বাংলাদেশের সদিচ্ছা রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, চলমান আলোচনা ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথকে আরও সহজ করবে। তবে পানিবণ্টনের বিষয়টি একতরফাভাবে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রেরও সমপর্যায়ের সহযোগিতা, সদিচ্ছা ও প্রতিশ্রুতি প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক কূটনৈতিক যোগাযোগের ভিত্তিতেই বাংলাদেশ তার স্বার্থ তুলে ধরবে।



