tanaka
প্রচ্ছদজাতীয়দেশীয় গ্যাস উৎপাদনে গতি, সাত মাসে ৩২ কূপ খনন

দেশীয় গ্যাস উৎপাদনে গতি, সাত মাসে ৩২ কূপ খনন

জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আমদানিনির্ভরতা কমাতে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগে গতি এসেছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে ৩২টি কূপের খননকাজ শেষ হয়েছে। এসব কূপ থেকে বর্তমানে দৈনিক প্রায় ১৪৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর পরবর্তী ২০৩১-৩৫ মেয়াদে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ার পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর ওপর নির্ভরতার চাপও কিছুটা কমবে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, নির্ধারিত লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ইতোমধ্যে ৩২টি কূপ খনন সম্পন্ন হয়েছে। এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) ১৪টি কূপ হলো—বিয়ানীবাজার-১, বিয়ানীবাজার-২, কৈলাশটিলা-১, কৈলাশটিলা-২, কৈলাশটিলা-৭, কৈলাশটিলা-৮, রশিদপুর-৩, রশিদপুর-৫, রশিদপুর-১১, সিলেট-৭, সিলেট-১০, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-২।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) খনন করা ১১টি কূপ হলো—টবগি-১, শ্রীকাইল নর্থ-১, শরীয়তপুর-১, ভোলা নর্থ-২, ইলিশা-১, সুন্দলপুর-৩, বেগমগঞ্জ-৪ ওয়েস্ট, জামালপুর-১, শ্রীকাইল-৫, সেমুতাং-৬ ও রূপগঞ্জ-১।

এ ছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) সাতটি কূপ হলো—তিতাস-১৪, তিতাস-১৬, তিতাস-২৪, তিতাস-২৮, হবিগঞ্জ-৫, বাখরাবাদ-৭ ও কামতা-২।

পেট্রোবাংলা জানিয়েছে, ৩২টি কূপ থেকে দৈনিক ১৩৪ দশমিক ৪ এমএমসিএফ গ্যাস পাওয়ার সম্ভাব্যতা ধরা হয়েছিল। তবে হবিগঞ্জ-৫ কূপে প্রত্যাশার চেয়ে বেশি গ্যাস পাওয়ায় বর্তমানে এসব কূপ থেকে প্রায় ১৪৭ দশমিক ৯ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

উৎপাদন বাড়লেও বাধা পাইপলাইনে

কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন সক্ষমতা বাড়লেও পুরো সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। পেট্রোবাংলার রিজার্ভার অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, সম্পন্ন হওয়া কূপগুলো থেকে আরও প্রায় ৬০ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা থাকলেও পাইপলাইন-সংক্রান্ত জটিলতার কারণে তা নেওয়া সম্ভব হচ্ছে না।

ফলে শুধু নতুন কূপ খনন নয়, উৎপাদিত গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রয়োজনীয় সঞ্চালন অবকাঠামো নিশ্চিত করাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে ১৫০টি কূপ খননের পরিকল্পনার অংশ হিসেবে আরও সাতটি কূপের খননকাজ বর্তমানে চলমান। এগুলো হলো—রশিদপুর-১৩, সুন্দলপুর-১ ও ৪, তিতাস-২৯ ও ৩১, ভোলা নর্থ এবং বাখরাবাদ-৬। পেট্রোবাংলার হিসাবে, আগামী জানুয়ারি নাগাদ এসব কূপের খননকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

খননকাজ শেষ হলে এসব কূপ থেকে দৈনিক প্রায় ৯৬ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাইপলাইন ও প্রসেসিং প্ল্যান্টের সক্ষমতার ওপর নির্ভর করবে উৎপাদিত গ্যাসের কতটা কার্যকরভাবে গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

আরও ৩১ কূপ খননের পরিকল্পনা

পেট্রোবাংলা জানিয়েছে, বর্তমানে ১৯টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি আরও নয়টি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় আছে। এসব প্রকল্পের আওতায় মোট ৩১টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর বাইরে পেট্রোবাংলার বোর্ডের মাধ্যমে আরও চারটি কূপ খননের উদ্যোগ নেওয়া হবে।

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ভবিষ্যতে আমদানিকৃত এলএনজির ওপর দেশের নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, দ্রুত দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাস যাতে সময়মতো জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা যায়, সেটিও নিশ্চিত করতে হবে। নতুন করে গ্যাসের মজুত শনাক্ত হওয়ার পর গ্রিডে সরবরাহের অবকাঠামোর অভাবে তা যেন অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে।

শফিকুল আলম বলেন, বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি প্রতিদিন ১ হাজার এমএমসিএফেরও বেশি।

স্থলভাগের পাশাপাশি সাগরেও অনুসন্ধান

দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হচ্ছে। বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক কোম্পানির কাছে মোট ২৬টি অফশোর ব্লক উন্মুক্ত করে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’ চালু করেছে সরকার।

একই সঙ্গে নতুন কূপের সুনির্দিষ্ট স্থান নির্ধারণে সার্ভে কার্যক্রমও চলছে। প্রকল্প গ্রহণের আগে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সম্ভাবনাময় এলাকায় কূপ খননের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি

গ্যাস উৎপাদন বাড়লেও দেশের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি এখনও বড়। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ এমএমসিএফ। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে প্রায় ২ হাজার ৬০০ এমএমসিএফ।

সরবরাহ করা গ্যাসের মধ্যে প্রায় ১ হাজার ৬০০ এমএমসিএফ আসছে দেশীয় উৎস থেকে। আর ৯০০ থেকে ১ হাজার এমএমসিএফ গ্যাস সরবরাহ করা হচ্ছে আমদানিকৃত এলএনজি থেকে।

দেশীয় উৎসের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস উৎপাদনকারী কোম্পানিগুলো বর্তমানে দৈনিক প্রায় ৭০০ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। নতুন কূপ থেকে গ্যাস যুক্ত হওয়ায় রাষ্ট্রীয় কোম্পানিগুলোর সরবরাহ দৈনিক প্রায় ৫৬৬ এমএমসিএফ থেকে বেড়ে ৭০০ এমএমসিএফে উন্নীত হয়েছে।

এর পাশাপাশি আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোর (আইওসি) কাছ থেকে দৈনিক প্রায় ৯০০ এমএমসিএফ গ্যাস পাওয়া যাচ্ছে।

অবকাঠামো উন্নয়নেও জোর

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, দেশের অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে নতুন কূপ খননের পাশাপাশি বিদ্যমান কূপে ওয়ার্কওভার কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৩২টি কূপের কাজ শেষ হয়েছে এবং এসব কূপ থেকে উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

তবে পাইপলাইন-সংক্রান্ত জটিলতার কারণে উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না বলে জানান তিনি।

পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, আরও সাতটি কূপের খননকাজ চলমান রয়েছে। এগুলোর কাজ শেষ হলে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১৯টি প্রকল্প চলমান এবং আরও নয়টি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৩১টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে অভ্যন্তরীণ অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হবে।

সংশ্লিষ্টদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নতুন কূপ খনন করলেই হবে না; উৎপাদিত গ্যাস দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দিতে পাইপলাইন, প্রসেসিং প্ল্যান্টসহ প্রয়োজনীয় অবকাঠামোও সমান গুরুত্ব দিয়ে গড়ে তুলতে হবে। ২০৩১ সালের মধ্যে ১৫০টি এবং পরবর্তী ২০৩১-৩৫ মেয়াদে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।