tanaka
প্রচ্ছদজাতীয়মির্জা ফখরুলের শপথ ঘিরে বদলে গেছে বঙ্গভবন এলাকার চিত্র

মির্জা ফখরুলের শপথ ঘিরে বদলে গেছে বঙ্গভবন এলাকার চিত্র

দেশের নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে প্রস্তুত রাজধানীর বঙ্গভবন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এখানেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল।

শুক্রবার রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গভবনের আশপাশ ঘুরে দেখা যায়, প্রতিদিনের ব্যস্ত চিত্র অনেকটাই বদলে গেছে। জনবহুল ও কোলাহলপূর্ণ এলাকাটিতে শপথ অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে নিয়ন্ত্রিত পরিবেশ। সড়কে যান চলাচল সীমিত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বঙ্গভবনের সামনের দীর্ঘদিনের ব্যারিকেডগুলোর বেশ কিছু সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের সড়ক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। কোথাও কোথাও পরিচ্ছন্নতাকর্মীদের কাজ করতেও দেখা গেছে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে ডাইভারশন বসানো হয়েছে, যার কারণে যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় নিয়ন্ত্রিত ছিল।

গুলিস্তান থেকে বঙ্গভবনের দিকে যাওয়ার সড়কের ফুটপাত থেকেও অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে। ফলে সাধারণত ব্যস্ত থাকা ফুটপাত ও আশপাশের জায়গাগুলো তুলনামূলক ফাঁকা দেখা গেছে। তবে এসব বিধিনিষেধের মধ্যেও পথচারীদের স্বাভাবিক চলাচল অব্যাহত ছিল।

বঙ্গভবনের বাইরের অংশেও শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতির ছাপ স্পষ্ট। প্রবেশপথসহ সামনের অংশ ঝকঝকে করে সাজানো হয়েছে। বিভিন্ন স্থাপনার আশপাশে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে ভেতরে কী ধরনের আয়োজন চলছে, বাইরে থেকে তার বিস্তারিত বোঝার সুযোগ নেই।

এদিকে মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকার যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ ও ডাইভারশন রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর একই দিন মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন ইসি সচিব আখতার আহমেদ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের কথা রয়েছে।