tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকউত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার কাছে অন্তত ৫৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ওয়ারহেড এমন একটি অস্ত্রের অংশ, যা পরমাণু বিক্রিয়ার মাধ্যমে অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনার সময় ট্রাম্প এ তথ্য জানান। এ সময় কিমের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার ভালো সম্পর্ক বজায় থাকা একটি ‘ইতিবাচক দিক’।

ট্রাম্পই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রথম ব্যক্তি, যিনি উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ্যে উল্লেখ করেছেন। তবে তার এই তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থার কোনো মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

কিম জং উনকে ‘অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি কিম জং উনকে খুব ভালোভাবে চিনি।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে একজন বুদ্ধিমান প্রেসিডেন্ট থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া যায় না।

অন্যদিকে, ট্রাম্পের বক্তব্যের পর দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহন গিউ বাক দেশটির সংসদে জানিয়েছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের প্রকৃত সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে হতে পারে।

বিশ্বের দুই বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডার এখনো অনেক ছোট। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) জানুয়ারির হিসাব অনুযায়ী, রাশিয়ার কাছে প্রায় ৪ হাজার ৪০০টি এবং যুক্তরাষ্ট্রের কাছে ৩ হাজার ৭০০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

এ ছাড়া চীনের কাছে ৬২০টি, ফ্রান্সের ২৯০টি, যুক্তরাজ্যের ২২৫টি, ভারতের ১৯০টি, পাকিস্তানের ১৭০টি এবং ইসরায়েলের প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে প্রায় ৬০টি ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়।