tanaka
প্রচ্ছদজাতীয়মন্ত্রিসভায় রদবদলের আভাস, ধর্ম প্রতিমন্ত্রী হতে পারেন শামীম কায়সার

মন্ত্রিসভায় রদবদলের আভাস, ধর্ম প্রতিমন্ত্রী হতে পারেন শামীম কায়সার

সরকারের কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে পারেন। একই সঙ্গে ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন চারজনের মধ্যে রয়েছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই মন্ত্রিসভায় এই পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। সম্ভাব্য রদবদলের তালিকায় রয়েছে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান নিয়েও ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথ শেষ হওয়ার পরপরই মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হওয়া সদস্যদের শপথ আয়োজন করা হবে বলে জানা গেছে।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব গ্রহণের বিষয়টি সামনে রেখে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাষ্ট্রপতির শপথের পরই মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেতে পারে।