tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে নিহত ৪৬

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে নিহত ৪৬

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশের গোরোনি এলাকার গোরাউয়ের কাছে নৌকাটি ডুবে যায়। কর্তৃপক্ষের ধারণা, দুর্ঘটনার সময় নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে বিপুলসংখ্যক শিশু ছিল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৬ জনকে। নিখোঁজ ১৫ জনকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আহমাদ রুফাই বলেন, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। তবে নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, ধান কাটার কাজে যাওয়া কৃষিজমির মালিক ও শ্রমিকদের সঙ্গে শিশুরাও নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, স্থানীয়ভাবে প্রায় ৫০টি মরদেহ দেখা গেছে। পরে অনেক মরদেহ মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মুড়িয়ে স্থানীয় একটি মসজিদের সামনে রাখা হয় এবং দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র ইজেকিয়েল মানজো বিবিসিকে বলেন, গোরাউ অত্যন্ত দুর্গম এলাকা হলেও তাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে কার্যকর না করার কারণে প্রায়ই এসব দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। গত মাসে জিগাওয়া প্রদেশে একটি নৌকা উল্টে অন্তত পাঁচজনের মৃত্যু হয়।

এ বছরের জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে প্রদেশে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নাইজার নদী থেকে ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়। সে সময় দুই শতাধিক যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হয়।

নৌযান দুর্ঘটনা কমাতে নিরাপদ নৌকা ও লাইফ জ্যাকেট সরবরাহ, নৌপথ খনন, ঘাট ও টার্মিনালে নিরাপত্তাকর্মী মোতায়েন এবং চালকদের যথাযথ প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কর্তৃপক্ষ।

নাইজেরিয়ার লাখো মানুষের জন্য, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের বাসিন্দাদের যাতায়াতে নদীপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক গ্রাম নদী ও অন্যান্য জলপথের কাছাকাছি হওয়ায় সড়ক যোগাযোগের সীমাবদ্ধতা এবং সেতুর অভাবে নৌপথের ওপর নির্ভর করতে হয়।

এ ছাড়া মানুষ ও পণ্য পরিবহনে এসব এলাকায় কাঠের নৌকা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্থানীয় বাজার ও আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ রক্ষায়ও নৌযানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।