tanaka
প্রচ্ছদখেলাসাভিনহোকে ঘিরে টটেনহামের বড় চমক, ৮৫ মিলিয়ন পাউন্ডে চুক্তি

সাভিনহোকে ঘিরে টটেনহামের বড় চমক, ৮৫ মিলিয়ন পাউন্ডে চুক্তি

চলতি দলবদলে অর্থের ঝাঁপি খুলে বসেছে টটেনহাম হটস্পার। একের পর এক বড় অঙ্কের চুক্তির পর এবার ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোকে দলে ভেড়ানোর পথে অনেকটাই এগিয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে সিটির সঙ্গে ৮৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে পৌঁছেছে স্পার্স।

চুক্তি অনুযায়ী, সাভিনহোর জন্য ম্যানচেস্টার সিটি নিশ্চিতভাবে পাবে ৭৫ মিলিয়ন পাউন্ড। পারফরম্যান্স ও অন্যান্য নির্দিষ্ট শর্ত পূরণ হলে আরও ১০ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে এই অঙ্কের সঙ্গে। মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই টটেনহামের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করার কথা রয়েছে ব্রাজিলিয়ান তারকার।

সাভিনহোকে দলে পাওয়ার চেষ্টা অবশ্য এবারই প্রথম নয় টটেনহামের। গত গ্রীষ্মের দলবদলেও তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল ক্লাবটি। তবে তখন ইতিহাদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ম্যানচেস্টার সিটিতে থাকার পর অবশ্য পেপ গার্দিওলার একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারেননি এই তরুণ উইঙ্গার।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে সিটির হয়ে মাত্র সাত ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন সাভিনহো। ফলে টটেনহামে গেলে তার সামনে নিয়মিত খেলার সুযোগ তৈরি হতে পারে। আক্রমণভাগে নিজের জায়গা পাকা করার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগও পাবেন তিনি।

সাভিনহোর সম্ভাব্য দলবদর টটেনহামের এবারের ব্যয়ের চিত্রকেও আরও বড় করে তুলবে। ইতোমধ্যে ওয়েস্ট হ্যাম থেকে মাতেউস ফার্নান্দেস এবং নিউক্যাসল থেকে সান্দ্রো তোনালিকে কিনতে ১৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে স্পার্সরা। সাভিনহোর চুক্তি সম্পন্ন হলে চলতি দলবদলে তাদের মোট ব্যয় ৩০০ মিলিয়ন পাউন্ডের সীমা ছাড়িয়ে যাবে।

তবে এখানেই থামতে চাইছে না টটেনহাম। ম্যানচেস্টার সিটিতে নিয়মিত সুযোগ না পাওয়া মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। মারমুশকে লন্ডনে আনার ব্যাপারে ক্লাবটি আশাবাদী বলেও জানা গেছে।

বড় অঙ্কের অর্থ খরচ করলেও খেলোয়াড় বিক্রি করে নিজেদের আয়ও বাড়িয়েছে টটেনহাম। ক্রিশ্চিয়ান রোমেরো, জেড স্পেন্স ও লুকা ভুস্কোভিচকে বিক্রি করে এখন পর্যন্ত প্রায় ১৪০ মিলিয়ন পাউন্ড আয় করেছে তারা।

সাভিনহোর আগমন চূড়ান্ত হলে টটেনহামের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ হবে। একই সঙ্গে চলতি দলবদলে শীর্ষ পর্যায়ে ফের নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার যে উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে স্পার্স, সেটিও আরও স্পষ্ট হয়ে উঠবে।