tanaka
প্রচ্ছদসারাদেশনিরাপত্তাকর্মীর গলায় ছুরি, হত্যার হুমকির ঘটনায় যুবক গ্রেপ্তার

নিরাপত্তাকর্মীর গলায় ছুরি, হত্যার হুমকির ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় এক নিরাপত্তাকর্মীকে মারধর করে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম আরিফ (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। তিনি রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ঘটনার শিকার সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৯ আগস্ট দুপুরে কর্মস্থলে দায়িত্ব পালনের সময় প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হ্যান্ডমাইকে রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সতর্ক করছিলেন তিনি।

এ সময় আরিফসহ কয়েকজন সেখানে গিয়ে সাব্বিরকে মাইকে এমন সচেতনতামূলক বক্তব্য দিতে নিষেধ করেন। সাব্বির জানান, তিনি প্রতিষ্ঠানের নিয়ম মেনেই দায়িত্ব পালন করছেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে গালাগাল ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে আরিফ ধারালো দেশীয় অস্ত্র বের করে সাব্বিরের গলায় ধরে তাকে হত্যার হুমকি দেন। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

পরে রাজপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় সাব্বির বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে রাজপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আরিফের কাছ থেকে ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।