সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বনানী থানায় করা হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে আদালত ‘নো অর্ডার’ দেওয়ায় তার কারামুক্তির পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে রাষ্ট্রপক্ষের ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজু। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
শুনানি শেষে হাইকোর্টের জামিনের আদেশ স্থগিতের আবেদনটিতে ‘নো অর্ডার’ দেন চেম্বার আদালত। এর ফলে ওই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে।
এর আগে গত ১০ আগস্ট বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।
এ ছাড়া গত ২ জুলাই যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায়ও খায়রুল হকের জামিন বহাল রেখেছিল আপিল বিভাগের চেম্বার আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোয়াইব নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়। পরবর্তী সময়ে বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। আরও সাতটি মামলায় এর আগেই তিনি জামিন পেয়েছেন।
ফলে সব মামলায় জামিন বহাল থাকায় সাবেক এই প্রধান বিচারপতির কারামুক্তির ক্ষেত্রে বর্তমানে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।



