মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা সবাই কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের পথে ছিলেন।
শনিবার (২ আগস্ট) সকালে দেশটির টিভি চ্যানেল টিভি তিগা এ তথ্য জানায়।
খবরে বলা হয়, শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ান্তানের গাম্বাং এলাকায় ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি) ওয়ানের ২০০.৮ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো একটি এমপিভি গাড়ি মহাসড়কের পাশে পিছলে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন—গাড়ির চালক মো. সাবের হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহত দুজনকে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কুয়ান্তান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাঁ দিকে পিছলে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, এমপিভি গাড়িটির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাসে শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সংগ্রহ করা হচ্ছে এবং নিহত-আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করা হচ্ছে।
এ ঘটনায় ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা নিয়ে তদন্ত চলছে।



