tanaka
প্রচ্ছদজাতীয়এনসিটিবির কাজে ছাপাখানায় সিসি ক্যামেরা বাধ্যতামূলক

এনসিটিবির কাজে ছাপাখানায় সিসি ক্যামেরা বাধ্যতামূলক

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কাজ করা সব ছাপাখানায় অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে এনসিটিবির কর্মকর্তারা নিজ কার্যালয়ে বসেই ২৪ ঘণ্টা বই ছাপানোর কার্যক্রম সরাসরি মনিটর করতে পারবেন।

বিগত বছরগুলোতে বইয়ের মান, কাগজ ও অনিয়ম নিয়ে নানা সমালোচনার পর এবার কঠোর অবস্থানে গেছে এনসিটিবি। টেন্ডারে অংশ নিতে নতুন কিছু শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে সিসি ক্যামেরা স্থাপন অন্যতম। এসব ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে এনসিটিবির হাতে। ফলে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এবার বই ছাপানোর আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন—কাগজের মান উন্নত করা, বাস্টিং ফ্যাক্টর বৃদ্ধি এবং চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ছাপানোর কাজ করা। সংশ্লিষ্টরা বলছেন, এসব পরিবর্তন শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

সূত্র জানায়, ২০২৩ সালে প্রায় ২৬৯ কোটি টাকা এবং চলতি শিক্ষাবর্ষে ২৫৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি নিম্নমানের কাগজে বই ছাপানোয় গত বছর ৪৬টি ছাপাখানাকে চিহ্নিত করা হয়েছিল। এসব কারণে এবার সময়মতো বই সরবরাহ ও মান বজায় রাখতে কঠোর তদারকি নিশ্চিত করছে এনসিটিবি।

কাগজের মান বৃদ্ধিতে ৮২ জিএসএম থেকে বাড়িয়ে ৮৫ জিএসএম করা হয়েছে, ফলে কাগজ হবে আরও ঘন ও টেকসই। বাস্টিং ফ্যাক্টর ১৬ থেকে বাড়িয়ে ২০ করা হয়েছে, যা কাগজকে আরও শক্ত করবে। পাশাপাশি উজ্জ্বলতার জন্য ব্যবহার করা হচ্ছে শতভাগ প্রাকৃতিক পাল্প।

এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী বলেন,
“পাঠ্যবইয়ের মান রক্ষা ও তদারকি বাড়াতে ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিটি প্রেসের কাজ আমরা সূক্ষ্মভাবে নজরদারি করতে পারব।”

খরচ প্রসঙ্গে তিনি জানান, ক্যামেরা স্থাপন হবে টেন্ডারের শর্ত। যে ছাপাখানায় ক্যামেরা থাকবে না, তারা কাজ পাবে না। তাই এ খরচ প্রেসগুলোকেই বহন করতে হবে।