ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে “জুলাই আন্দোলন”-এর সময় লালবাগ থানায় দায়ের হওয়া শাওন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় সৈকতের মাথায় হেলমেট এবং গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। শুনানির সময় হেলমেট খুললে দেখা যায়, তার মাথার অনেক চুল পেকে গেছে।
সৈকতের চুল পাকা নিয়ে প্রশ্ন করা হলে তার আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম জানান, “সৈকতের চুল আগেও কিছুটা পাকা ছিল, তবে কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার ও পানির কারণে তা বেড়ে যেতে পারে।” চুলে কলপ ব্যবহারের বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।
শুনানি শেষে তাকে আদালতের হাজতখানায় পাঠানো হয় এবং সেখান থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আইনজীবীর সঙ্গে কথোপকথনের সময় সৈকত ঢাবির প্রগতিশীল শিক্ষার্থীদের ডাকসু নির্বাচন বর্জনের আহ্বান জানান।
শাওন হত্যার মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই “জুলাই আন্দোলন” চলাকালে আজিমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন সিকদার। পরে ২১ জানুয়ারি লালবাগ থানায় মামলা হয়। একই বছরের ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে সৈকতকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে রয়েছেন।



