ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে রিট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ায় এই শাস্তির মুখোমুখি হয়েছেন। প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে গৃহীত এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলী হুসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। তার শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতেও পাঠানো হয়েছে।
এর আগে, আলী হুসেন তার ফেসবুক আইডি থেকে এক পোস্টে ডাকসুর জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিটকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেন। ঘটনাটি প্রকাশ্যে এলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে এসএম ফরহাদ বলেন, “রাজনৈতিক ও আদর্শিক মতবিরোধ থাকতেই পারে। তবে সেটিকে ব্যক্তিগত আক্রমণে রূপ দেওয়া কিংবা ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।”



