tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনঐশ্বরিয়ার ইমেজ ধসিয়ে দিতে চেয়েছিলেন কে?

ঐশ্বরিয়ার ইমেজ ধসিয়ে দিতে চেয়েছিলেন কে?

সৌন্দর্য ও অভিনয়—দুই দিয়েই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে তার পরিচিতি ছিল মূলত সৌন্দর্য ও গ্ল্যামারকেন্দ্রিক। সেই ভাবমূর্তি ভেঙে সম্পূর্ণ ভিন্নভাবে তাকে পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক সুভাষ ঘাই।

সুভাষ ঘাই পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘তাল’ ২৭ বছর পূর্ণ করেছে। সিনেমাটি নিয়ে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিচালক জানান, মানসী চরিত্রে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নেওয়ার সিদ্ধান্তটি তার জন্য ছিল বেশ বড় একটি ঝুঁকি।

‘তাল’-এ মানসী ছোট শহর থেকে উঠে আসা এক তরুণী। নাচ তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিভা, আবেগ ও নিজের পরিচয় প্রতিষ্ঠার লড়াই—সব মিলিয়ে চরিত্রটি ছিল অত্যন্ত সরল ও প্রাণবন্ত।

কিন্তু ঐশ্বরিয়া তখন বিশ্বসুন্দরীর খেতাবজয়ী হিসেবে দর্শকদের কাছে মূলত সৌন্দর্য ও গ্ল্যামারের প্রতীক। তাই এই চরিত্রের জন্য তাকে বেছে নেওয়ার পর সুভাষ ঘাই চেয়েছিলেন, অভিনেত্রী যেন নিজের প্রচলিত ইমেজ থেকে বেরিয়ে আসেন।

পরিচালক জানান, ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়ার সময় তিনি স্পষ্ট করে বলেছিলেন, চরিত্রের প্রয়োজনে তার পরিচিত ভাবমূর্তি ভেঙে দিতে হবে। সুভাষ ঘাইয়ের ভাষায়, “তোমার ইমেজটা আমাকে ধ্বংস করতে হবে। প্রথম এক ঘণ্টায় তুমি কোনো মেকআপ ব্যবহার করতে পারবে না।”

পরিচালকের এই শর্তে রাজি হতে এক মুহূর্তও সময় নেননি ঐশ্বরিয়া। তিনি জানিয়ে দেন, চরিত্রের প্রয়োজনে পরিচালক যা বলবেন, সেটিই করবেন।

শেষ পর্যন্ত ‘তাল’-এ ঐশ্বরিয়ার অভিনয় ও পর্দার উপস্থিতি দর্শকদের ব্যাপকভাবে প্রশংসা কুড়ায়। সিনেমাটিও তার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য কাজ হয়ে ওঠে।

এদিকে ‘তাল’-এর সিক্যুয়েল ‘তাল ২’ নিয়েও কাজ এগিয়ে নিচ্ছেন সুভাষ ঘাই। পরিচালকের দাবি, সিনেমাটির চিত্রনাট্যের কাজ প্রায় সম্পূর্ণ। তবে সিক্যুয়েলেও তিনি তার পুরোনো নীতিতে অটল থাকতে চান।

সুভাষ ঘাইয়ের মতে, ‘তাল ২’ কোনো তারকানির্ভর সিনেমা হবে না। প্রথম সিনেমার মতো এখানেও অভিনেতাদের তারকা পরিচয়ের বদলে চরিত্রকেই প্রাধান্য দেওয়া হবে। তার বিশ্বাস, শক্তিশালী চরিত্রের মধ্য দিয়েই একজন অভিনেতার প্রকৃত তারকাখ্যাতি আরও বড় হয়ে ওঠে।