বোমা হামলার সম্ভাবনার তথ্যের ভিত্তিতে দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা মোকাবিলায় সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রাতের টহল, মোবাইল ডিউটি এবং বিভিন্ন চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, গোপন তথ্য অনুযায়ী শুক্রবার সারাদেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি নজরে এলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এরই মধ্যে বেতার বার্তার মাধ্যমে দেশের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিট প্রধানদের মোবাইল বার্তার মাধ্যমেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।



