দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫৯ জনেই অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে এ বিভাগে ২৪০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২৬ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন এবং জুনে ১৩ জন মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
তবে জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। ওই মাসে ৩১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা বছরের প্রথম ছয় মাসের মোট মৃত্যুর দ্বিগুণ।



