জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি জানান, তদন্ত প্রতিবেদনটি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যালোচনা শেষে শিগগিরই এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) হিসেবে দাখিল করা হবে।
একই তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সাবেক বিচারপতি এবিএম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ঘটনার বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। বর্তমানে সেটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।



