ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের স্থগিতাদেশে স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। এর ফলে নির্বাচন আয়োজন ও প্রার্থীদের প্রচারে আর কোনো আইনগত বাধা রইলো না।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় আমরা চেম্বার আদালতে হাতে লেখা আবেদন করি। আদালত আবেদনটি গ্রহণ করে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন এবং আদেশের সিএমপি (সিভিল মিসিলিনিয়াস পিটিশন) ফাইল ও শুনানি পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।
তিনি বলেন, “এখন আর ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা কিংবা প্রার্থীদের প্রচারণার ওপর কোনো বাধা নেই। আমরা আগামীকাল (২ সেপ্টেম্বর) অফিস খোলার পর সিএমপি দায়ের করব এবং আশা করি, শুনানি অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, হাইকোর্ট বিভাগের আদেশে এসএম ফরহাদের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, শুধুমাত্র রুল জারি করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকালের শুনানিতে নির্ধারিত হবে।
এর আগে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।
নির্বাচনী তফসিল ও প্রার্থীসংখ্যা
তফসিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। এবারের নির্বাচনে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন এবং শুধুমাত্র সদস্যপদেই লড়বেন ২১৭ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে মোট ১৩টি পদে ১,০৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থী তালিকা চূড়ান্ত করার সময় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া ২৮ জন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত প্রার্থীসংখ্যা নিচে দেওয়া হলো:
- সহসভাপতি (ভিপি): ৪৫ জন
- সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
- সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
- কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
- আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
- ক্রীড়া সম্পাদক: ১৩ জন
- ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
- সমাজসেবা সম্পাদক: ১৭ জন
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
- মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন
- সদস্য পদে: ২১৭ জন



