tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বৈষম্য দূর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় কর্মরত বৃহত্তর ময়মনসিংহের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর ময়মনসিংহের অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি জানান, ঢাকার বিমানবন্দর পর্যন্ত বিদ্যমান এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার ভালুকা পর্যন্ত সম্প্রসারণের দাবিতে ময়মনসিংহ বিভাগের ৩৪ জন সংসদ সদস্যের অনুস্বাক্ষরযুক্ত ডিও লেটার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি বর্তমানে নীতিগত সিদ্ধান্ত ও একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া ময়মনসিংহের সঙ্গে দ্রুতগতির ট্রেন যোগাযোগ চালু এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশন আধুনিকায়নের বিষয়েও প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

হাসপাতালগুলোতে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি শুধু আর্থিক অনিয়মেই সীমাবদ্ধ নয়; সেবাবঞ্চনার ঘটনাও দুর্নীতির অংশ। তাই এসব বিষয় সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে হবে।

তিনি আরও জানান, দেশের প্রতিটি জেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও কমিউনিটি সেন্টারভিত্তিক একটি করে মানসম্মত প্রেস ক্লাব নির্মাণের প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে।

সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন, বিদ্যমান সমস্যা এবং সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বিসিআরএফের সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, ডিইউজের সিনিয়র সহসভাপতি রফিক মুহাম্মদ, বিএফইউজের নির্বাহী সদস্য হামিদুল হক মানিক, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, ডিক্যাবের সাবেক সভাপতি মাসুদ করিম, টাঙ্গাইল সাংবাদিক ফোরাম-ঢাকার সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, ময়মনসিংহ সাংবাদিক ফোরাম-ঢাকার সদস্য সচিব মো. গোলাম কিবরিয়া, ডিআরইউর সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান এবং বাহারাম খানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডিইউজের সাবেক জনকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, জামালপুর সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি মনিরুল আলম এবং কেজেএফডির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ।